মার্চ ৩, ২০২৬, ০৩:৫৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীনা রাষ্ট্রদূতের এই সফরকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে চীনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বিরোধীদলীয় নেতার সার্বিক সফলতা কামনা করেন। জবাবে ডা. শফিকুর রহমানও চীনের রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ সময় খোলামেলা আলোচনা হয়। উভয় পক্ষই এই আশা ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে দ্বিপাক্ষিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তারা একমত পোষণ করেন। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনের বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে চীন দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং এবং রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং। বাংলাদেশের পক্ষে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। নবনিযুক্ত উপদেষ্টার উপস্থিতিতে এই বৈঠকটি জামায়াতের ভবিষ্যৎ কূটনৈতিক তৎপরতার একটি শক্তিশালী ইঙ্গিত প্রদান করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন