রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপিকে ধন্যবাদ জানালেন পাটওয়ারী

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০১:০৩ পিএম

বিএনপিকে ধন্যবাদ জানালেন পাটওয়ারী

ধন্যবাদ জানালেন পাটওয়ারী

রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করায় দলটির হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। 

একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে ইতিপূর্বে দেওয়া নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন যে, অতি উৎসাহী ও মামলাবাজ নেতাকে শোকজ করার জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দলটির কোনো নেতা এ ধরনের অনর্থক ও অশান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। 

এই বার্তার মধ্য দিয়ে মির্জা আব্বাসের সঙ্গে তার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি মামলার আবেদন করেছিলেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।মামলার আবেদনে অভিযোগ করা হয়েছিল যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময় অসত্য ও মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন। 

তবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ এবং অতি উৎসাহী হয়ে মামলা করার অভিযোগে বিএনপি কেন্দ্রীয়ভাবে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। বিএনপির এই কঠোর অবস্থানের পরই নাসীরুদ্দীন পাটওয়ারী তার অবস্থান পরিবর্তন করেন এবং আক্রমণাত্মক বক্তব্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে বিএনপির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।