মার্চ ১৩, ২০২৬, ০৮:০৫ পিএম
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
অস্ত্রোপচার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানাবে মেডিকেল বোর্ড।এর আগে শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য এই প্রবীণ রাজনীতিককে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল।
তবে তার শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় এবং এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি না থাকায় দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বিকেল ৩টার পর তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা এবং অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ ও অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ দেশের খ্যাতিমান চিকিৎসকদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড মির্জা আব্বাসের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকেই তার চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার পরিবার ও দলীয় শীর্ষ নেতৃত্ব। বিএনপির এই বর্ষীয়ান নেতার দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন