মার্চ ১৮, ২০২৬, ১১:০৯ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর অতীত কর্মকাণ্ড বা কথাবার্তায় কেউ আঘাত পেয়ে থাকলে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার আঠারো মার্চ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই দুঃখপ্রকাশ করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান যে তাঁর কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছেন।
একইসাথে রাজনৈতিক পথচলায় সাধারণ মানুষের দোয়া ভালোবাসা এবং পরামর্শই তাঁর মূল শক্তি বলে তিনি উল্লেখ করেন।সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতা শুভাকাঙ্ক্ষী এবং সংসদ সদস্যদের সঙ্গে তাঁর আলোচনার বিষয়টি সামনে এনেছেন এনসিপির এই নেতা।
তিনি বলেন যে গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু এবং সহযোদ্ধাদের কাছ থেকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা পেয়েছেন। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোনিবেশ করার বিষয়ে সবাই তাকে ইতিবাচক পরামর্শ দিয়েছেন।
এই পরামর্শগুলোকে অত্যন্ত বিনয়ের সাথে গ্রহণ করে ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন যে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য তিনি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান। রাজনৈতিক ময়দানে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থেকে গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
তাঁর এই পরিবর্তনের যাত্রাকে তিনি একটি আত্মিক সূচনা হিসেবে দেখছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এই নতুন পথের যাত্রা শুরু করেছেন বলে জানান। আল্লাহ যেন সবাইকে সঠিক পথে পরিচালিত করেন সেই প্রার্থনাও করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন