বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যেসব বিএনপি নেতা রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায়

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ১১:১৩ এএম

যেসব বিএনপি নেতা রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায়

নতুন রাষ্ট্রপতি কে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি পদ। নতুন সরকার গঠনের পর থেকেই বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে খোদ সরকারি দলের ভেতর ও বাইরে নানা জল্পনা-কল্পনা চলছে। রাজনৈতিক মহলে এখন প্রধান প্রশ্ন হলো, বর্তমান রাষ্ট্রপতি আর কতদিন এই দায়িত্বে থাকবেন। 

তিনি কি নিজেই পদত্যাগ করবেন, নাকি তাকে অপসারণ বা অভিশংসনের পথে হাঁটবে বর্তমান সংসদ। এমন পরিস্থিতিতে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সামনে এসেছে যা নিয়ে পর্দার আড়ালে ব্যাপক তৎপরতা চলছে।

আইন ও সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন যে রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তাকে অপসারণ করতে হলে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের প্রয়োজন হবে। অতীতে ২০০১ সালের পরবর্তী বিএনপি সরকারের সময় তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে অভিশংসন করার উদ্যোগ নেওয়া হলে তিনি নিজেই পদত্যাগ করেছিলেন। 

তবে ওই ঘটনাটি তখন দলের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। তাই এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন বা ইমপিচমেন্ট করার পথে এখনই হাঁটতে চাইছে না বিএনপি। দলটির উচ্চপর্যায়ের সূত্রগুলো জানাচ্ছে যে তারা কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে বা জাতীয় রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করতে চায় না।বিএনপি বর্তমানে রাষ্ট্রপতি পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছে। এর পেছনে বেশ কয়েকটি রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে। প্রথমত দলটি এখন নতুন সরকার পরিচালনার শুরুতেই কোনো অস্থিতিশীলতা তৈরি করতে আগ্রহী নয়। 

দ্বিতীয়ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের একটি আইনি ও রাজনৈতিক হিসাব-নিকাশ এখানে জড়িত। বিশ্লেষকদের মতে এখন কোনো নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই রাষ্ট্রপতিরও পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। অথচ পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ফলে সেই সময়ে নিজেদের পছন্দের রাষ্ট্রপতিকে বহাল রাখার স্বার্থেই বিএনপি অন্তত ছয় মাস পর এই পদে পরিবর্তনের কথা ভাবছে।

সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির নীতিনির্ধারণী মহলে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম। তিনি ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তার নাম প্রস্তাব করেছিলেন। তবে বর্তমানে এই প্রবীণ নেতা অসুস্থ থাকায় তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হতে পারে। 

একটি সূত্রের দাবি যদি শারীরিক কারণে তাকে রাষ্ট্রপতি করা সম্ভব না হয় তবে তাকে মন্ত্রী পদমর্যাদায় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মানিত করা হতে পারে। একইভাবে স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খানের নামও রাষ্ট্রপতি পদের জন্য জোরালোভাবে আলোচনায় রয়েছে। যদিও তার নাম স্পিকার পদের জন্যও আলোচিত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বেছে নিয়ে চমক দেখিয়েছেন।

রাষ্ট্রপতি পদের দৌড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও কোনো কোনো মহলে আলোচিত হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায়কেও গুরুত্বপূর্ণ কোনো সাংবিধানিক পদে দেখা যেতে পারে। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের ক্ষেত্রে প্রথাগত আলোচনার বাইরে গিয়ে চমক দেখিয়েছেন তাই রাষ্ট্রপতি পদের ক্ষেত্রেও শেষ মুহূর্তে কোনো নতুন মুখ সামনে চলে আসতে পারে। 

বর্তমানে বিএনপির প্রবীণ তিন নেতা ড. মোশাররফ, ড. মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় মন্ত্রিসভার বাইরে থাকায় তাদের রাষ্ট্রীয় প্রটোকলের আওতায় সম্মানজনক কোনো পদে বসানোর সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন তা এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।