মার্চ ২৫, ২০২৬, ১০:২৬ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থের পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই আর্থিক সহায়তার পাই পাই হিসাব ও সুবিধাভোগীদের বিস্তারিত তালিকা প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠক জানান, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে এই অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি সুবিধাভোগীদের নামের তালিকা সংবলিত নথিগুলোর ছবিও স্ট্যাটাসে যুক্ত করেছেন।
হাসনাত আবদুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেবিদ্বারের দুস্থ জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে সরকার থেকে মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
এই কার্যক্রমের আওতায় তালিকায় অন্তর্ভুক্ত ১০০০ জন ব্যক্তিকে নগদ ১০০০ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া একই তালিকার অবশিষ্ট ৫০০ জনকে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সংসদ সদস্য তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন যে, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তালিকায় থাকা নাগরিকদের এনআইডি ও মোবাইল নম্বরগুলো ঢেকে দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক কোনো অনুসন্ধানের প্রয়োজনে যেকোনো তথ্য উন্মুক্ত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
এই অর্থ ও সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যেহেতু তালিকাটি কেন্দ্রীয়ভাবে তৈরি করা হয়েছে, তাই স্বচ্ছতা বজায় রাখতে পুরো তালিকাটিই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের এমন প্রকাশ্য হিসাব দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সাধারণ মানুষ এটিকে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন