রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি আরেকটি আ.লীগ হওয়ার চেষ্টা করছে: হান্নান মাসউদ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৯:৫৬ পিএম

বিএনপি আরেকটি আ.লীগ হওয়ার চেষ্টা করছে: হান্নান মাসউদ

হান্নান মাসউদ

বিএনপি নিজেদের ঘোষিত নির্বাচনি ইশতেহার ও ৩১ দফার অঙ্গীকার থেকে বিচ্যুত হয়ে আরেকটি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সদস্য আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার প্রশাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সদস্য বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও স্থানীয় সরকার কাঠামো পরিবর্তনের উদ্যোগ নিয়ে কড়া সমালোচনা করেন।

হান্নান মাসউদ তার বক্তব্যে বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত ৩১ দফার বিশ নম্বর দফার প্রসঙ্গ টেনে আনেন। তিনি উল্লেখ করেন, ওই দফায় স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মৃত্যু কিংবা দণ্ডপ্রাপ্ত হওয়া ছাড়া কোনো অবস্থাতেই নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিকে অপসারণ করা যাবে না।

 কিন্তু বর্তমানে উত্থাপিত বিলের মাধ্যমে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হচ্ছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এটি নির্বাচিত জনপ্রতিনিধিদের পিঠে ছুরিকাঘাত করার শামিল এবং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে।প্রস্তাবিত বিলটিকে সম্পূর্ণ গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে হান্নান মাসউদ বলেন, বিশেষ পরিস্থিতি কিংবা জনস্বার্থের মতো অস্পষ্ট শব্দ ব্যবহার করে আইন প্রণয়ন করা হচ্ছে। এই শব্দগুলোর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা না থাকায় ভবিষ্যতে এর অপব্যবহারের ব্যাপক সুযোগ তৈরি হবে। 

তিনি সরকারের কাছে প্রশ্ন তোলেন, কোন ধরনের পরিস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অপসারণ করা হবে এবং এই জনস্বার্থের প্রকৃত মানদণ্ড কী। তার আশঙ্কা, দলীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে কিংবা কোনো জনপ্রতিনিধি অবৈধ সুবিধা দিতে রাজি না হলে এই আইনের দোহাই দিয়ে তাদের ক্ষমতাচ্যুত করা হতে পারে।একই সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তি নিয়োগের বিধান নিয়ে তীব্র আপত্তি জানান এনসিপির এই সংসদ সদস্য। 

তিনি বলেন, এর আড়ালে নিজেদের দলীয় নেতাকর্মী কিংবা প্রভাবশালী ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানোর পাঁয়তারা চলছে। এর মাধ্যমে তৃণমূলের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি সাম্প্রতিক বগুড়া ও শেরপুর উপনির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন। তার অভিযোগ, ওই উপনির্বাচনে বিরোধীদলীয় এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া এবং অপ্রাপ্তবয়স্কদের দিয়ে জাল ভোট দেওয়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।অতীতের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ দিয়ে হান্নান মাসউদ সতর্ক করে বলেন, ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো কোনো গণতন্ত্রবিরোধী পদক্ষেপই দেশের মানুষের প্রতিরোধের মুখে টেকেনি। 

ভোট কারচুপির মাধ্যমে সাময়িকভাবে সুবিধা পাওয়া গেলেও সেই রাজনীতি কখনো দীর্ঘস্থায়ী হয় না। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যতই চেষ্টা করুক না কেন, তারা কখনো আওয়ামী লীগ হতে পারবে না। স্থানীয় সরকার কাঠামোকে দলীয়করণ ও দুর্বল করার উদ্যোগ থেকে সরে এসে পুনরায় গণতান্ত্রিক চর্চায় ফিরে আসার জন্য তিনি দলটির প্রতি আহ্বান জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত তার এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের মধ্যে বেশ কিছুটা সময় উত্তেজনা বিরাজ করে।