বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিথী

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৪:১৫ পিএম

বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিথী

মনোনয়ন ফরম হাতে ফারজানা সিথী

সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনায় আসা ফারজানা সিথী এবার সরাসরি সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন। শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহের সময় তার সাথে বেশ কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারজানা সিথী।

এ সময় তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত মতামত তুলে ধরেন। সিথী জানান যে তিনি নড়াইল-২ আসন থেকে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহী এবং এই লক্ষ্যেই তিনি আবেদনপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে খুব শীঘ্রই তিনি একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। সেখানে নিজের রাজনৈতিক লক্ষ্য এবং দেশের মানুষের জন্য তার কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন বলে জানান তিনি। তবে এখনই বিস্তারিত কোনো রাজনৈতিক বক্তব্য দিতে রাজি হননি তিনি। চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে মনোনীত হওয়ার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেন।

ব্যক্তিগত জীবনে ফারজানা সিথী আন্তর্জাতিক স্বেচ্ছাসেকী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পৈতৃক নিবাস যশোর জেলায়। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে সোচ্চার থাকতে দেখা গেছে তাকে।

গত বছর এক সেনা কর্মকর্তার সঙ্গে তার তর্কের ভিডিওটি যখন ভাইরাল হয় তখন তিনি নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই অনেকের মধ্যে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে কৌতূহল ছিল। এবার সরাসরি বড় কোনো রাজনৈতিক দলের ছায়াতলে এসে নিজের নতুন পরিচয় তুলে ধরলেন তিনি। বিএনপির সংরক্ষিত নারী আসনে তার এই অন্তর্ভুক্তি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নড়াইল-২ আসনের সংরক্ষিত আসনে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি এখন দলের হাই কমান্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।