বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শেরপুর-৩ উপনির্বাচন, প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা জামায়াত আমিরের

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৮:৫৭ পিএম

শেরপুর-৩ উপনির্বাচন, প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা জামায়াত আমিরের

আহতদের পাশে ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে সরকার জনগণের সঙ্গে করা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ আসনের নির্বাচনি সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনার পরও দেশের রাজনৈতিক অঙ্গনে সহিংসতা বন্ধ না হওয়া অত্যন্ত দুঃখজনক। 

সংসদে জনগণের করের অর্থ ব্যয় করে অশালীন বক্তব্য ও অকার্যকর বিতর্ক চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, সহিংসতার মাধ্যমে কেউ সংসদে গেলে জনগণের কল্যাণে তাঁর কাছ থেকে ইতিবাচক কিছু প্রত্যাশা করা যায় না।

শেরপুর-৩ আসনের সাম্প্রতিক উপনির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার কারণে এই নির্বাচনটি পুরোপুরি প্রশ্নবিদ্ধ হয়েছে। এর আগে ১২ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচনও সহিংসতার কারণে স্থগিত করা হয়েছিল। সেই সময় জামায়াতের স্থানীয় নেতা মাওলানা রেজাউল করিম নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থগিত হওয়া সেই নির্বাচনের পর পুনরায় অনুষ্ঠিত ভোটেও সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এতে আরও একজন প্রাণ হারিয়েছেন এবং একাধিক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকলেও বর্তমানে তাঁর জ্ঞান ফিরেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান।

দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতেও অনেক সহিংসতা ছিল। তবে এখন সময় এসেছে আরও সহনশীল ও মানবিক রাজনীতি চর্চার। তিনি মনে করেন, বর্তমান সময়ে রাজনীতি হওয়া উচিত ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। অস্ত্রের লড়াই নয় বরং আদর্শের লড়াইয়ের মাধ্যমেই রাজনৈতিক বিজয় অর্জন করা উচিত।

ভবিষ্যতের নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এবং আর কোনো প্রাণহানি যেন না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরিদর্শন শেষে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এই সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।