বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এমপি আমির হামজাকে আইনি নোটিশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৬:১৫ পিএম

এমপি আমির হামজাকে আইনি নোটিশ

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ মো. আব্দুল মজিদ সদর উপজেলার কমলাপুর এলাকার মো. রবিউল ইসলামের পক্ষ থেকে আজ সোমবার এই নোটিশ পাঠান। 

একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন মন্তব্য প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে নোটিশে দাবি করা হয়েছে।আইনি নোটিশে উল্লেখ করা হয়, চলতি বছরের ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা একটি চাঞ্চল্যকর দাবি করেন। 

তিনি বলেন যে, কুষ্টিয়ার বর্তমান ডিসি সাহেব এই জেলায় বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। সংসদ সদস্যের এই বক্তব্যের ভিডিও এবং সংশ্লিষ্ট খবর পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

নোটিশ প্রদানকারী আইনজীবীর মতে, এই ধরণের ভিত্তিহীন বক্তব্যে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বর্তমান সরকার যখন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে, তখন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ সরকারের ভাবমূর্তিকেও সংকটের মুখে ফেলেছে। এ কারণে নোটিশে সংসদ সদস্যের প্রতি দুটি মূল দাবি জানানো হয়েছে। প্রথমত, কুষ্টিয়ায় বদলি হয়ে আসার জন্য জেলা প্রশাসক ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই বিপুল পরিমাণ অর্থ প্রদান করেছেন, তা আগামী সাত দিনের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

দ্বিতীয়ত, ওই সব চিহ্নিত দুর্নীতিবাজদের আইনের হাতে সোপর্দ করার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সংসদ সদস্য হিসেবে যথাযথ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। অ্যাডভোকেট আব্দুল মজিদ এ বিষয়ে সাংবাদিকদের জানান, একজন সংসদ সদস্যের কাছ থেকে জাতি দায়িত্বশীল বক্তব্য আশা করে। তিনি যদি প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন, তবে অবশ্যই তার স্বপক্ষে প্রমাণ থাকতে হবে। তথ্য-প্রমাণ ছাড়া এমন মন্তব্য কেবল গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির সামিল বলে তিনি মনে করেন।

নির্ধারিত সময়ের মধ্যে আমির হামজা যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন বা তাঁর বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে না পারেন, তবে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। এদিকে আইনি নোটিশের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সেটি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে এখন পর্যন্ত তাঁর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে বর্তমানে কুষ্টিয়ার রাজনৈতিক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।