এপ্রিল ১৫, ২০২৬, ১১:০২ পিএম
দেশের তীব্র জ্বালানি সংকট এবং সংসদের ভেতরে চাটুকারিতা নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামাল হোসেন। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
রসিকতা করে তিনি মন্তব্য করেন যে, বর্তমানে সাধারণ মানুষের প্রয়োজনীয় জ্বালানি তেল পাওয়া না গেলেও জাতীয় সংসদের ভেতরে তোষামোদি বা ‘তেলবাজি’র কোনো অভাব নেই।
ঢাকা-৫ আসনের এই সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকারকে জানান, গত রাতে তেলের জন্য তাঁকে রাত ২টা পর্যন্ত রাস্তায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি তেল পাননি। তিনি বলেন, বাইরে সাধারণ মানুষের জন্য তেল নেই, অথচ মহান সংসদে এত পরিমাণ ‘তেল’ অপচয় হচ্ছে যে বাইরে আর তা খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাঁর এই মন্তব্যে সংসদ কক্ষে এক ধরনের কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি আরও অভিযোগ করেন যে যত্রতত্র রাস্তা লিজ দেওয়া এবং চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কামাল হোসেন মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, গত ফ্যাসিবাদের সময় অন্যায়ের প্রতিবাদ করায় অনেক মানুষ খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকারের সময়েও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে নূরে আলম খাইরুলকে জীবন দিতে হয়েছে।
তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া শিক্ষা খাতে অনিয়ম তুলে ধরে তিনি প্রশ্ন করেন, যেখানে ৭২ জন শিক্ষক প্রয়োজন সেখানে ১৪২ জন শিক্ষক কীভাবে বহাল থাকেন। তিনি মনে করেন, উন্নয়ন কোনো দলীয় বিষয় নয় বরং এটি জনগণের মৌলিক অধিকার।বক্তব্যের শেষ পর্যায়ে কামাল হোসেন দেশের সাংবিধানিক সংকটের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাঁকে নয়বার জেলে যেতে হয়েছে এবং মোট ৮৫৩ দিন কারাবন্দি থাকতে হয়েছে।
তিনি দাবি করেন, ২০২৬ সালের গণভোটকে বিএনপি অস্বীকার করলেও এটি সাংবিধানিকভাবে স্বীকৃত। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া গণভোটের বৈধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার যদি আগামী ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করে, তবে এই মহান সংসদ বিলুপ্ত হয়ে যেতে পারে। আইনের বিশেষজ্ঞ হিসেবে স্পিকারের মাধ্যমে তিনি সরকারকে দ্রুত সংবিধান সংস্কারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন