এপ্রিল ১৬, ২০২৬, ১০:৩৭ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে টালবাহানা শুরু করেছে। তিনি বলেন, শুরুতে সরকার গণভোটের প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করলেও এখন এর বৈধতা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষে জুলাই সনদকে পাশ কাটানোর আর কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় সিটি মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্য প্রদানকালে মিয়া গোলাম পরওয়ার সরকারকে আত্মঘাতী অবস্থান থেকে সরে আসার পরামর্শ দেন। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই অবিকৃতভাবে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান।
রাজনৈতিক এই প্রেক্ষাপটে তিনি দলের নেতা-কর্মীদের রাজধানী ঢাকাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী ও অপরাজেয় দুর্গে পরিণত করার আহ্বান জানান। এ সময় তিনি মাঠ পর্যায়ে জনশক্তিকে আরও আপোষহীন ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন।ইসলামী আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, এটি কোনো গতানুগতিক ক্ষমতার রাজনীতি নয় বরং আর্ত-মানবতার কল্যাণে নিবেদিত একটি কাফেলা।
তাই আন্দোলনের দায়িত্বশীলদের প্রচলিত রাজনীতির ধারায় গা ভাসিয়ে না দিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টির জন্য পড়াশোনা ও জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। নিয়মিত কুরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়িয়ে পরামর্শভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মজলিসে শূরার এই অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন যে জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য দুনিয়া হাসিল নয় বরং মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা। জামায়াত ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি এমন এক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন যেখানে প্রতিটি মানুষের অধিকার সুনিশ্চিত থাকবে।
মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এই অধিবেশনে উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধিবেশনে মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সংগঠনের সর্বস্তরের কর্মীদের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন