রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘যারা কান কথা বলে তাদের থেকে দূরে থাকেন’ তারেক রহমানকে অলি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০১:৪৪ পিএম

‘যারা কান কথা বলে তাদের থেকে দূরে থাকেন’ তারেক রহমানকে অলি

প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে থাকা স্বার্থান্বেষী মহল এবং তোষামোদকারীদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, সরকারের চারপাশ ঘিরে থাকা একটি বিশেষ চক্র প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য থেকে দূরে রাখছে। 

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক পর্যবেক্ষণ তুলে ধরেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, বড় কোনো আন্দোলন শুরু হলে তা সামাল দেওয়ার সক্ষমতা বর্তমান সরকারের কিংবা বর্তমান মন্ত্রীদের নেই। তাই কোনো ধরণের ভীতি বা অহংকারে বসে না থেকে অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। 

তাঁর মতে, যারা সারাক্ষণ পাশে থেকে শুধু ‘কান কথা’ বলে কিংবা তেল মারে, তাদের বলয় থেকে প্রধানমন্ত্রীর বের হয়ে আসা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধী দলগুলোর নেতাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে বলেন তিনি।সমাবেশে তিনি সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গণভোট সংস্কারের রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে সারা দেশে তীব্র বিক্ষোভ মিছিল শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

অলি আহমদ সতর্ক করে বলেন যে, সরকার হয়তো ঢাকার বিক্ষোভ সামলাতে পারবে, কিন্তু যদি একসাথে ৬৪ জেলায় আন্দোলন শুরু হয়, তবে তা সামলানো বর্তমান প্রশাসনের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। তাই পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।আইনশৃঙ্খলার উন্নয়ন এবং চাঁদাবাজি বন্ধের বিষয়েও প্রধানমন্ত্রীকে কড়া পরামর্শ দিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট। তিনি বলেন, দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হলে তাদের সরাসরি জেলে ঢোকান এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। 

প্রধানমন্ত্রীকে তাঁর পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শহীদ জিয়ার সন্তান হিসেবে দেশের শাসনভার কীভাবে পরিচালনা করতে হয় সেটি তাঁর জানা থাকা উচিত। যদি প্রয়োজন হয়, তবে অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের পরামর্শ নিয়ে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর জোর দেন প্রবীণ এই রাজনীতিবিদ। সমাবেশ থেকে তিনি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্যের ডাক দেন।