রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় যুবশক্তির নতুন কমিটি: সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৫৫ পিএম

জাতীয় যুবশক্তির নতুন কমিটি: সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যের এই আংশিক কমিটিতে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সমন্বয় সভায় এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ এবং জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাতের নাম ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, রিফাত রশিদ গত ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছিলেন।এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জানান, সম্প্রতি যুবশক্তির কেন্দ্রীয় কমিটির দশম সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি অনুমোদিত হয়। এনসিপি কেন্দ্রীয় কমিটিও ইতিমধ্যে এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। তিনি আরও জানান যে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নবনির্বাচিত সভাপতি তারিকুল ইসলাম পেশায় একজন আইনজীবী এবং জুলাই বিপ্লবের সময় রাজপথে সাহসী ভূমিকার জন্য পরিচিত। অন্যদিকে সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল একজন পেশাদার প্রকৌশলী এবং তিনি সংগঠনের আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মকে একটি আধুনিক ও বৈষম্যহীন রাজনৈতিক কাঠামোর আওতায় আনাই হবে জাতীয় যুবশক্তির মূল লক্ষ্য। এই নতুন কমিটি ঘোষণার পর এনসিপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।