এপ্রিল ২৭, ২০২৬, ১০:৩৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের যেকোনো সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী একটি কাজই করছেন, সেটি হচ্ছে কার্ড দেওয়া। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা চাঁদাবাজি এবং দুর্নীতি হওয়ায় এ থেকে মুক্তি পেতে তিনি ‘চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড’ দাবি করেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির পরিচিতি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনগণের সেবায় এনসিপির অবস্থান পরিষ্কার করে আসিফ মাহমুদ বলেন, গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী এবং সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া বাকি সবার জন্য দলের দরজা খোলা থাকবে।
রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পরে দেখা যাচ্ছে এই সরকার প্রশাসনিক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার একদিকে তেলের পর্যাপ্ত মজুদের কথা বলছে, অন্যদিকে পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েও তা স্বীকার করছে না বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই মুখপাত্র জানান, তারা সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, যারা ভোট দিতে আসবেন তাদের একটি ভোটও নষ্ট হতে দেওয়া হবে না। প্রতিটি নির্বাচনী কেন্দ্র শক্তিশালীভাবে পাহারা দেওয়ার ঘোষণা দেন তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ, ইসহাক সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন