রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মানুষের আইনের কবর দিয়ে কোরআনের আইন চান জামায়াত এমপি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৪:২৩ পিএম

মানুষের আইনের কবর দিয়ে কোরআনের আইন চান জামায়াত এমপি

বাংলাদেশে প্রচলিত মানুষের তৈরি আইনের ‘কবর রচনা’ করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর (রাজশাহী-১) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

মুজিবুর রহমান বলেন, “আমরা আল্লাহর আইন চাই। আপনারা (বিএনপি) আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠা করি।”

বক্তব্যের শুরুতে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ববর্তী অবস্থানের সমালোচনা করে বলেন, “ফখরুল সাহেব বলেছিলেন তারা শরিয়তের আইন বিশ্বাস করেন না, পরে অবশ্য নির্বাচনের আগে আত্মসমর্পণ করে বলেছেন শরিয়তের বিরুদ্ধে কোনো আইন পাশ করবেন না। 

উনাকে ধন্যবাদ, অন্তত তওবা করে ফিরে এসেছেন।”ইসলামী বোর্ড গঠনের দাবি: এ দেশে ইসলামী আইন চালু করার জন্য একটি ‘ইসলামী বোর্ড’ গঠনের দাবি জানান জামায়াতের এই নায়েবে আমির। তিনি বলেন, সংসদে থাকা মাদ্রাসা পাস করা এমপি এবং বাইরের সব মাযহাবের ওলামায়ে কেরাম ও আহলে হাদিস আলেমদের নিয়ে এই বোর্ড হবে, যারা আইন প্রণয়নে পরামর্শ দেবেন।

মুজিবুর রহমান আক্ষেপ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ ছয়বার, বিএনপি পাঁচবার এবং জাতীয় পার্টি দুইবার ক্ষমতায় এলেও কেউ কোরআনের একটি আইনও সংসদে পাস করেনি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে—কেন বাংলাদেশে নামাজ ও জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা হলো না? কেন খারাপ কাজগুলো বন্ধ করে মানুষকে অশান্তি থেকে রক্ষা করা হলো না?”

চাঁদাবাজি ও টেন্ডারবাজি প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। একদল চাঁদাবাজি করে পালায় গেছে, আরেক দল প্রস্তুতি নিচ্ছে—এমন কথা যখন কোনো দল রিঅ্যাকশন দেয়, তখন বোঝা যায় তারা চাঁদাবাজদের নিজেদের মনে করে। বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে।”

সবশেষে ‘জান্নাতের টিকিট’ বিক্রি নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি। সূরা তওবার ১১১ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “জামায়াতে ইসলামীর কোন নেতা বলেছে আমার কাছে জান্নাতের টিকিট আছে? প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন তিনি এমন কথা বলছেন।” তিনি আরও বলেন, জান-মাল আল্লাহর পথে দেওয়ার বিনিময়ে জান্নাত পাওয়ার কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, এটি কোনো মানুষের কথা নয়।