এপ্রিল ২৯, ২০২৬, ০৫:৪৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, জাতীয় সংসদে সেই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন।
সংসদে দেওয়া বক্তব্যে জামায়াত নেতা আজহার বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল। অথচ দলটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। অন্যদিকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে। এই সময়ের পার্থক্যের উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, তাহলে মুক্তিযুদ্ধের দল কীভাবে বিএনপি হতে পারে?
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে সমালোচনা করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের নারী নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং দলের জন্য তাদের অনেক ভূমিকাও আছে।
কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদককে মনোনয়ন দেওয়া হয়েছে।তিনি প্রশ্ন তোলেন, কেন এমন করা হলো? এটি কি বিএনপির দৈন্যতার কারণে নাকি তারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? তিনি আরও জানতে চান, বিএনপি কি কোনো বিশেষ শক্তিকে খুশি করতে চায় এবং তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চায়? এই প্রশ্নের জবাব বিএনপিকেই দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষ দিকে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ প্রসঙ্গে এ টি এম আজহার বলেন, অভিযোগ করা হয় তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেন। তিনি বলেন, অবশ্যই তারা জান্নাতে যেতে চান এবং তাদের আন্দোলনও জান্নাত পাওয়ার জন্য। অন্যদের উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, আপনারা কি জান্নাতে যেতে চান না? অধিবেশন চলাকালে তার এসব বক্তব্য সংসদে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন