এপ্রিল ৩০, ২০২৬, ০৯:৪৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জামায়াতে ইসলামীর আট নেত্রী মনোনীত হয়েছেন। দলটির মহিলা বিভাগের প্রস্তাবনার আলোকে মনোনীত এই নেত্রীদের সবারই দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে, আটজন এমপির মধ্যে ছয়জনই বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রমতে, সংসদে সংরক্ষিত আসনে আনুপাতিক হারে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট ১৩টি আসন পেয়েছে। এর মধ্যে জামায়াতের আটজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি পাঁচটি আসনের মধ্যে জুলাই শহীদের একজন মা, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা এবং এনসিপির প্রার্থীরা রয়েছেন।
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন এরই মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাদের গেজেট প্রকাশের কথা রয়েছে।জামায়াতের মনোনীত নারী এমপিদের তালিকায় প্রথমে রয়েছেন দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
তিনি ইসলামী ছাত্রী সংস্থার দ্বিতীয় কেন্দ্রীয় সভানেত্রী হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন। পেশায় অধ্যক্ষ নূরুন্নিসা ১৯৯০ সালে জামায়াতের মহিলা বিভাগে যোগ দেন। সংসদে তিনি নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম। তিনি ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক ও প্রচার সম্পাদক ছিলেন। তার স্বামী ডা. ফয়েজ আহম্মদ লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ছিলেন, যিনি ২০১৩ সালে মারা যান। মারজিয়া বেগম বর্তমানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী জামায়াতের মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি। তিনি ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি জামায়াতের মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্রের (মাসুক) নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করছেন।
মনোনীত অপর নেত্রীদের মধ্যে নাজমুন্নাহার নীলু ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। বর্তমানে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান ৩১ বছর শিক্ষকতা শেষে বর্তমানে সাংগঠনিক কাজে নিয়োজিত। বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ এর আগে বগুড়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছেন শামছুন্নাহার বেগম, যিনি বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি। তালিকায় সবচেয়ে আলোচিত নাম প্রকৌশলী মারদিয়া মমতাজ। বুয়েট শাখা ছাত্রী সংস্থার সাবেক এই সভানেত্রী বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং আইটি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।জামায়াতের বাইরে জোটের অন্য মনোনীতরা হলেন—শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম, প্রকৌশলী মাহবুবা হাকিম (খেলাফত মজলিস), ব্যারিস্টার তাসমিয়া প্রধান (জাগপা), ডা. মাহমুদা আলম মিতু (এনসিপি) এবং নুসরাত তাবাসসুম (এনসিপি)।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন