মে ৩, ২০২৬, ১১:৩৪ পিএম
চট্টগ্রামের হালিশহরে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (৩ মে) রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার `তায়েফ রেস্টুরেন্ট` থেকে তাঁদের আটক করা হয়।সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির একটি চৌকস দল তায়েফ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে। সেখানে বৈঠকরত অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
সিএমপির গোয়েন্দা তথ্যানুযায়ী, এই বৈঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না। এটি ছিল একটি পরিকল্পিত গোপন সমাবেশ। পুলিশের দাবি, দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে সেখানে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীলনকশা তৈরি করা হচ্ছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তাঁরা গোপনে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার চেষ্টা করছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান আরও জানান, বিদেশে পলাতক নেতাদের নির্দেশনায় তারা স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের এই অভিযানের পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন