জানুয়ারি ৪, ২০২৬, ০৯:০৫ পিএম
গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা একটি ঝটিকা মিছিল থেকে ৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে শিববাড়ি এলাকার একটি গলিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সরদারের নেতৃত্বে কিছু কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এবং ফেসবুকে লাইভ সম্প্রচার করছিল।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই সদর মেট্রো থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এসআই কায়সার, এসআই কাজলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের নেতৃত্ব দেওয়া রবিন সরদার পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে ৭ কর্মীকে গ্রেপ্তার করা হয়।ওসি আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম বরদাশত করা হবে না। শহরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের এবং মূল হোতা রবিন সরদারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন