মে ৬, ২০২৬, ০৬:৫২ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (০৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান জানান, বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন্নেছা। তার এই চলে যাওয়া একটি অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রয়াত জেবুন্নেছার কর্মজীবনের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন এবং জাতি গঠনে তার অনবদ্য ভূমিকা রয়েছে। একজন গুণী ও পরহেজগার মানুষ হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন মহীয়সী নারীকে হারাল বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জান্নাত নসিবের জন্য দোয়া করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করেন যেন আল্লাহ স্বজনদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন