মে ৭, ২০২৬, ০৯:১৪ পিএম
ভিন্নমত, ভিন্নচিন্তা বা ভিন্ন পোশাকের কারণে কোনো নারীকে নোংরা মন্তব্য ও গালাগাল করা ইসলামের শিক্ষা হতে পারে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মিতু তাঁর পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষমূলক আচরণের প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইসলাম মানুষকে সম্মান, শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়।
ডা. মিতু জানান, ব্যক্তিগত মতের অমিল বা সমালোচনা সমাজে থাকতেই পারে। তবে সেই পার্থক্যের জেরে কাউকে হেয় করা, অপমান করা বা অশ্রাব্য ভাষা ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মত দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের বিষয়েও তিনি বিরক্তি প্রকাশ করেন। ফেসবুক পোস্টে এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, একজনকে মন চাইল আর নোংরা কথা বলে দিলাম—বিষয়টাকে আমরা এত সহজ করে ফেললাম কীভাবে?

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন