রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আমাকে নিয়ে অসংখ্য নোংরা ছবি বানানো হয়েছে: মিতু

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৬:২৬ পিএম

আমাকে নিয়ে অসংখ্য নোংরা ছবি বানানো হয়েছে: মিতু

মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু রাজনীতিতে নারী নেতৃত্বের ওপর চলমান সাইবার বুলিং ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, রাজনীতিতে আসার পর থেকেই তাকে উদ্দেশ্য করে অসংখ্য কুরুচিপূর্ণ ও নোংরা ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব তথ্য জানান।মাহমুদা মিতু তার পোস্টে উল্লেখ করেন যে, সমাজে যখন কোনো খারাপ ভাইরাস ছড়িয়ে পড়ে, তা শেষ পর্যন্ত সাধারণ মানুষের সীমানা ছাড়িয়ে উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছে যায়। 

জাইমা রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাইমা একজন নারী এবং তিনিও একজন নারী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নারীদের নিয়ে এমন নোংরা ছবি তৈরি করা যেকোনো নারীর জন্যই অত্যন্ত বেদনাদায়ক এবং মানহানিকর। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগসহ কিছু রাজনৈতিক পক্ষ এই ধরনের অপপ্রচারের সঙ্গে সরাসরি জড়িত।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই নারী নেত্রী বলেন, যখন তিনি রাজনীতিতে একেবারে নতুন ছিলেন, তখন কোনো কথা বলার আগেই তিনি তীব্র বুলিংয়ের শিকার হন। এমনকি তার ওপর শারীরিক হামলার ঘটনাও ঘটেছে। মাহমুদা মিতু দাবি করেন, শুধুমাত্র এনসিপিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং পরিকল্পিতভাবে সাইবার মাধ্যমে বিভিন্ন আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান।

সাইবার বুলিংয়ের এই ভয়াবহতা রোধে তিনি সাধারণ মানুষের প্রতি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মিতু সতর্ক করে বলেন, এখনই যদি এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো না যায়, তবে ভবিষ্যতে আরও অনেক মানুষ এমন পরিস্থিতির শিকার হবে। এই সংকট মোকাবিলায় তিনি একটি অরাজনৈতিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন বলেও জানান। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় প্রতিনিধি টিম গঠন করা হবে। এই উদ্যোগে আগ্রহী তরুণ ও সাধারণ মানুষকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এই এনসিপি নেত্রী।