বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ০৬:৩৯ পিএম

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’

খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন ফখরুলসহ ১৫ জন

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি প্রবর্তন করেছে। 

দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।পুরস্কারপ্রাপ্তদের তালিকায় মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। 

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই পদক পেয়েছেন।

পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন মোট ১৫ জন।

ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী এই পুরস্কারে ভূষিত হয়েছেন। সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, পদকপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার এবং সাংবাদিক আশরাফ কায়সার।

এ ছাড়া ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে ড. আবুল কাশেম হায়দার এবং আবদুল হক এই তালিকায় স্থান পেয়েছেন। বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমকেও এই পদক প্রদান করা হয়েছে।আয়োজক কমিটি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের লড়াইয়ে যারা ভূমিকা রাখছেন, তাদের উৎসাহ দিতেই এই বার্ষিক পদক প্রবর্তন করা হয়েছে। মূলত প্রবাসীদের উদ্যোগেই প্রতিবছর এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হবে।