রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘গুপ্ত শিবিরের অপচেষ্টা রুখে দেবে শিক্ষার্থীরা’: ছাত্রদল সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৯:৫৬ এএম

‘গুপ্ত শিবিরের অপচেষ্টা রুখে দেবে শিক্ষার্থীরা’: ছাত্রদল সভাপতি

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্ব করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে ছাত্রদল।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে তিনি ছাত্র শিবিরের বিরুদ্ধে এসব বিস্ফোরক মন্তব্য করেন।

পোস্টে ছাত্রদল সভাপতি অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসগুলোতে ‘মব’ তৈরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংগঠনকে ব্যবহার করা হচ্ছে। তিনি লেখেন, “ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকী সকল ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

খুব শিগগিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ।”রাকিবুল ইসলাম রাকিব তাঁর পোস্টে আরও উল্লেখ করেন যে, নিজ স্বার্থ হাসিলে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করা হচ্ছে। এর জন্য ভবিষ্যতে শিবিরকে জবাবদিহি করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।তিনি বলেন, “নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। 

সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে—শিবির কখনও গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সাথে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনও ছিল না। সেদিন খুব বেশি দূরে নয়।”ছাত্রদল সভাপতির এই পোস্টের পর ক্যাম্পাস রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসে সহাবস্থান এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কার্যক্রম নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।