সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০২:৪১ পিএম

মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার: রিজভী

আইডিইবি সম্মেলনে রুহুল কবির রিজভী।

মানুষের মুখে হাসি ফোটানো এবং কোনো শ্রেণি-পেশার মানুষ যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রোববার (১০ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) এর তৃতীয় তলায় আয়োজিত ৪৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পর বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। 

তাই এই সরকার জনগণের কাছে জবাবদিহিতার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাব এবং বিভিন্ন অঙ্গীকারনামার মাধ্যমে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর যথাযথ বাস্তবায়নে কাজ চলছে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, কৃষিঋণ মওকুফ, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খননের মতো প্রকল্পগুলো কোনো ফাঁপা প্রতিশ্রুতি নয়। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্থানীয়ভাবে অর্থের প্রবাহ সৃষ্টি করতে সরকার ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যাচ্ছে।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, দেশের উন্নয়নের ভিত্তি নির্মাণে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের ন্যায্য দাবিগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

রিজভী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের মতামত শুনছেন। উর্বর জমি, প্রাকৃতিক সম্পদ ও নদী-খালকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই সরকারের মূল লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।