রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জমিয়তের নতুন কর্মসূচি মার্কিন চুক্তি বাতিলের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০১:০৮ পিএম

জমিয়তের নতুন কর্মসূচি মার্কিন চুক্তি বাতিলের দাবি

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।মঙ্গলবার (১২ মে) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই কর্মসূচির ঘোষণা দেন। 

তিনি জানান, ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমের উত্তর গেটে।সংবাদ সম্মেলনে মাওলানা আফেন্দী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তিটি দেশের স্বার্থবিরোধী এবং এটি একটি ‘অসম ও গোলামির চুক্তি’। 

তিনি উল্লেখ করেন, এই চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষর হওয়া নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে। এছাড়া চুক্তির পরিশিষ্টে শূকরজাত খাদ্যপণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে, যা এদেশের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।বক্তব্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তি বাতিলেরও দাবি জানানো হয়। এ সময় সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরে দলটি। 

তাদের দাবির মধ্যে রয়েছে— দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, জুলাই হত্যাকাণ্ড, পিলখানা ও শাপলা ট্র্যাজেডির দ্রুত বিচার এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এ সময় দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে শুক্রবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দেশের সব ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।