মে ১২, ২০২৬, ০৩:২০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশন সচিবালয়ে এই নির্বাচনের দলগত ব্যয়ের হিসাব বিবরণী জমা দেয় দলটি।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত থেকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে জামায়াতের মোট ব্যয়ের পরিমাণ ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।হিসাব বিবরণী থেকে জানা গেছে, জামায়াতে ইসলামী তাদের ২২৫ জন প্রার্থীকে দলীয় অনুদান হিসেবে ৪ কোটি টাকা প্রদান করেছে। এক্ষেত্রে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়েছেন।
নির্বাচনী ব্যয়ের বিস্তারিত তথ্যে বলা হয়েছে, নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন এবং নির্বাচনী সামগ্রী পরিবহনের কাজে এই অর্থ ব্যয় করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের খরচও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলটির পক্ষ থেকে দাখিলকৃত হিসাবে দেখা যায়, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা ব্যয় হয়েছে। পরিবহন খাতে ৮ হাজার ৭শ টাকা, জনসভা ও কেন্দ্রীয় নেতাদের সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা এবং স্টাফ খরচ হিসেবে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা ব্যয় দেখানো হয়েছে।
এছাড়া আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয়ের পাশাপাশি বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনের পর তাদের দলীয় ব্যয়ের হিসাব জমা দিতে হয়, যার অংশ হিসেবে জামায়াতে ইসলামী এই প্রতিবেদন পেশ করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন