রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন মাসুদ সাঈদী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৯:১৩ পিএম

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন মাসুদ সাঈদী

মির্জা আব্বাস ও মাসুদ সাঈদী

মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন পিরোজপুর-১ আসনের এমপি ও জামায়াত নেতা মাসুদ সাঈদী। বৃহস্পতিবার (১৪ মে) মালয়েশিয়া সফরের ফাঁকে হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের স্বাস্থ্যের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

মাসুদ সাঈদী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ দিনের এক ব্যবসায়িক সফরে গত বুধবার রাতে তিনি মালয়েশিয়ায় এসে পৌঁছান। সফরের অংশ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তিনি।

ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ মির্জা আব্বাস আগের থেকে অনেক সুস্থ আছেন। এর আগে গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল।পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে সাঈদী জানান, মির্জা আব্বাস শুধু তাদের প্রতিবেশীই নন, বরং তাদের ঘনিষ্ঠ আত্মীয়। 

নিজের ছোটবেলা থেকেই মির্জা আব্বাসের সাথে তাঁর ঘনিষ্ঠ পরিচয় রয়েছে এবং তখন থেকেই মিশেছেন যখন তিনি এমপি, মন্ত্রী বা মেয়র ছিলেন না। মির্জা আব্বাস তাঁকে অত্যন্ত স্নেহ করেন বলে পোস্টে জানান মাসুদ সাঈদী। সবশেষে তিনি আল্লাহর কাছে প্রবীণ এই রাজনীতিবিদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।