মে ২০, ২০২৬, ১০:১৪ পিএম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বর্তমানে তিনি দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন। বুধবার মালয়েশিয়া থেকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
সুস্থ হলেই তিনি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন।শারীরিক অবস্থার আপডেট দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন, মোটামুটি ভালো আছেন এবং চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিতে হচ্ছে তাকে।
তার স্ত্রী আফরোজা আব্বাস ও পরিবারের সদস্যরা সেখানে তার সার্বক্ষণিক দেখভালে রয়েছেন। তার বোন শাহিদা মির্জাও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শারীরিক অবস্থার আপডেট ও দোয়ার দরখাস্ত জানাচ্ছেন।গত ১১ মার্চ তিনি ঢাকায় হঠাৎ জ্ঞান হারিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
রাজধানীর একটি হাসপাতালে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শেষে ১৫ মার্চ তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক মাস নিবিড় পর্যবেক্ষণে থাকার পর গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। খাওয়া-দাওয়া ও শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন