শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর প্রতিটি কাজের অনুপ্রেরণা কবি নজরুল: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:৩৬ এএম

প্রধানমন্ত্রীর প্রতিটি কাজের অনুপ্রেরণা কবি নজরুল: রিজভী

কবির সমাধিসৌধে শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি কবির আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রী প্রতিটি কাজে কবির অনুপ্রেরণা খুঁজে পান বলে জানান তিনি।রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে কবির চেতনা নেতাকর্মীদের সাহস জুগিয়েছে। 

অন্যায়, অত্যাচার ও অসাম্যের বিরুদ্ধে লড়াই করার মূলমন্ত্র তারা নজরুলের সাহিত্য থেকেই পেয়েছেন। কবির প্রতিটি পঙক্তি তাদের আজও যেকোনো অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। দেশের যেকোনো সংকটে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা জাতীয় আদর্শ হিসেবে কাজ করে।

রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িকতাকে ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, নজরুলকে কেবল জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেই চলবে না, তাঁর চেতনাকে জীবনের প্রতিটি স্তরে ধারণ করতে হবে। 

বিশেষ করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা জানানো অব্যাহত রয়েছে।