মে ২৭, ২০২৬, ০২:১৯ পিএম
ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জামায়াত-শিবির জড়িত বলে দাবি করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। বুধবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। গণঅধিকার পরিষদের সাবেক এই সাধারণ সম্পাদক উল্লেখ করেন যে এই হামলার সাথে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।
নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরকালে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন বলে অভিযোগ করেন তিনি।রাশেদ খান বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে নাসীরুদ্দীন পাটওয়ারী অনবরত অশালীন মন্তব্য করে চলেছেন, যা দেশের রাজনীতির জন্য একটি কলঙ্ক।
সে কারণে দেশের যেখানেই তিনি যাবেন, সাধারণ জনগণই তাঁকে শায়েস্তা করবে। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই দল স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। জামায়াত ও এনসিপি মিলে বর্তমান সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে দাবি করেন তিনি।
রাজনৈতিক অপশক্তিকে দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না বলে জানান রাশেদ।কালীগঞ্জের এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন রুখতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন