রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আওয়ামী লীগ নেতার চিঠি নিয়ে তোলপাড়

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ১০:১৫ পিএম

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আওয়ামী লীগ নেতার চিঠি নিয়ে তোলপাড়

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার লেখা অভিনন্দন চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। চিঠিটি ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের নামে প্রচারিত হয়েছে।

২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠিটি ২৭ এপ্রিল গ্রহণ করা হয় বলে জানা গেছে।ভাইরাল হওয়া ওই চিঠিতে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। 

চিঠিতে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ও “সবার আগে বাংলাদেশ” স্লোগানের প্রশংসা করা হয়েছে এবং শপথ গ্রহণের পর সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে বলে উল্লেখ রয়েছে।তবে স্থানীয়দের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে চিঠির মাধ্যম ও ভাষা। 

এটি কোনো রাজনৈতিক সংগঠনের প্যাডে নয়, বরং মো. মিরাজুল ইসলামের মালিকানাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছে। এতে করে চিঠির গুরুত্ব ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া চিঠির একাংশে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির বিভিন্ন প্রকল্পে কাজ না করে অর্থ আত্মসাতের মাধ্যমে কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে তার ও তার পরিবারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করেছে বলেও তথ্য পাওয়া গেছে। চিঠিটি ভাইরাল হওয়ার পর থেকে ভান্ডারিয়া উপজেলাসহ আশপাশের এলাকায় এ নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।