রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে চাপে ফেলবে: চরমোনাই পীর

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ১০:৫৬ এএম

উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে চাপে ফেলবে: চরমোনাই পীর

সিলেটে বক্তব্য রাখছেন মুফতি ফয়জুল করীম

সরকারের প্রস্তাবিত উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। বৃহস্পতিবার বিকেলে সিলেটের সারদা হলে আয়োজিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সিলেট জেলা ও মহানগর শাখা এই সভার আয়োজন করে।

বিশাল এই বাজেটকে অবাস্তব বলেছেন তিনি।ফয়জুল করীম জানান, দেশ এখন ঋণের ওপর নির্ভরশীল এবং অর্থনীতি ভঙ্গুর। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিতে হবে। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক ভালো নয়, ব্যাংক খাতও বিপর্যস্ত। বাজেট ঘোষণার আগেই জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোয় নিত্যপণ্যের দাম বাড়ছে।

সমাজে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। শিশু রামিসা ও সিলেটের চার বছরের শিশু ফাহিমাকে হত্যার ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ব্ল্যাকমেইলিংয়ের কারণে সমাজে আতঙ্ক তৈরি হয়েছে।

সীমান্তে হত্যা সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন এই নেতা।প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঢোল, তবলা ও নৃত্য শেখানোর উদ্যোগ বন্ধ করার দাবি জানান ফয়জুল করীম। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সমাজে শান্তি প্রতিষ্ঠায় চারিত্রিক ও নৈতিক উন্নয়নের ওপর জোর দেন চরমোনাই পীর।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ। সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি ইমাদ উদ্দিন ও যুগ্ম সম্পাদক আবু তাহের মিসবাহ। সেখানে জেলা ও মহানগরের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।