রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সীমান্তে পুশইন আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী: চরমোনাই পীর

আবু সালেহ মোঃ রায়হান

জুন ১২, ২০২৬, ০৬:৪৪ পিএম

সীমান্তে পুশইন আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী: চরমোনাই পীর

ছবি-দিনাজপুর টিভি

সীমান্তে ভারতের ‘পুশইন’ কার্যক্রম সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। এ ধরনের একপাক্ষিক আচরণ দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে বলে তিনি উল্লেখ করেন। 

শুক্রবার (১২ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।পঞ্চগড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল শেষে দেশের সমসাময়িক রাজনীতি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।চরমোনাই পীর বলেন, সীমান্তে আমরা বর্তমানে যে পুশইনের কার্যক্রম লক্ষ্য করছি, তা অত্যন্ত উদ্বেগজনক এবং মানবতাবিরোধী। 

সাধারণ মানুষকে যেভাবে অমানবিক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনকারী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দায়িত্বশীল ভূমিকার তীব্র প্রশংসা করেন তিনি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি কঠোর ও প্রশংসনীয় ভূমিকা পালন করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তিনি বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান।ভারতের প্রতি এই আন্তর্জাতিক আইনবহির্ভূত আচরণ থেকে দ্রুত সরে আসার আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। 

প্রয়োজনে জাতিসংঘের মতো বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বিষয়টি দ্বিপাক্ষিকভাবে উত্থাপন করা যেতে পারে। জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জবাবদিহি ও সুশাসন ছাড়া কোনো বাজেটই সাধারণ জনগণের প্রকৃত কল্যাণ বয়ে আনতে পারে না। দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর দিচ্ছে, তাই জনগণের অর্থ কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তা জাতির সামনে পরিষ্কার রাখা উচিত।