রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‍‍`বিএসএফের পুশ-ইন ঠেকাতে সীমান্তের সাধারণ মানুষই যথেষ্ট‍‍`: গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৯:৫৮ পিএম

‍‍`বিএসএফের পুশ-ইন ঠেকাতে সীমান্তের সাধারণ মানুষই যথেষ্ট‍‍`: গোলাম পরওয়ার

সীমান্তে অবৈধ পুশ-ইন, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। সোমবার বিকেলে আয়োজিত এই কর্মসূচি থেকে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।সীমান্তের অখণ্ডতা রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ বন্ধুতে বিশ্বাসী হলেও দাদাগিরি মেনে নেবে না। ভারতের প্রতি স্বাধীনতার শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করেছে। সীমান্তে হত্যা ও পুশ-ইনের মতো কর্মকাণ্ড বন্ধ না করলে জনগণ রুখে দাঁড়াবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা সমাধানে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্কের ওপর জোর দেন তিনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সীমান্ত হত্যা বন্ধ করা, কিন্তু বর্তমান সরকার তা করতে পারেনি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ বলেন, প্রতিদিন সীমান্তে মানুষ মরলেও সরকারের উদ্বেগ নেই। তিনি সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রীর ভূমিকার সমালোচনা করে সীমান্ত হত্যাকাণ্ডের সংজ্ঞা স্পষ্ট করার দাবি জানান।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্ত হত্যা আমাদের স্বাধীনতার ওপর হুমকি। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমীসহ জোটের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন ও জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।