রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৩:০৮ পিএম

ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহান আবাদির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ তিন সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এবং সহসভাপতি আরিফুর রহমান। এছাড়া ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন। 

আলোচনার শুরুতে সম্প্রতি যুদ্ধে ইরানের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতৃবৃন্দ।ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি সম্পাদনের বিষয়টিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। দলটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে একটি আরও নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ প্রতিষ্ঠিত হবে। 

এদিনের বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা, প্রযুক্তি ও গবেষণা, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ভূ-রাজনৈতিক বিষয় নিয়েও তারা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। বৈঠক শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও কূটনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার ব্যাপারে যৌথ প্রত্যাশা ব্যক্ত করেছে।