রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২০, ২০২৬, ১০:০৯ পিএম

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ চারজন নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে গত শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলাটি করা হয়। মামলার আসামিদের মধ্যে একজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন দলটির নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম।জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জাকির চৌধুরীকে থানায় নিয়ে গেছে বলে দলটির যুক্তরাজ্য শাখা থেকে নিশ্চিত করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই মামলার বিষয়টি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচারী সরকারের সমর্থকেরা হাসনাত আব্দুল্লাহ এবং তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এই নতুন আইনি পদক্ষেপ নিয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বেধড়ক পেটানোর মনগড়া অভিযোগ এনে এই মামলাটি করা হয়েছে বলে দাবি করেছে দলটি। এর মাধ্যমে স্থানীয় পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও জননিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা ইতিমধ্যে নিজস্ব তদন্ত শুরু করেছে। 

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এর আগে অক্সফোর্ড ইউনিয়নে তাঁর দেওয়া বক্তব্য এবং প্রবাসীদের সাথে সফল মতবিনিময়কে ব্যাহত করতেই এই মামলা করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।