জুন ২৩, ২০২৬, ০৮:৫৭ পিএম
চলমান বিএনপি সরকারকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, রাজপথের আন্দোলনের প্রতীক শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং এখন সেই বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও মামলার অভিযোগপত্র এখনও জমা দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।
রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফ্যাসিস্ট সরকারের সময়ে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য এই সমাবেশের আয়োজন করে। সেখানে জামায়াত আমির বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মাত্র দুই বছর আগে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করা হয়েছিল। সেই সময় যারা মজলুম হিসেবে পাশে ছিল, তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে।
নির্বাচনের আগে তারা প্রতিটি নির্যাতনের বিচার করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার বসার পর তাদের সুর পাল্টে গেছে বলে তিনি দাবি করেন।বক্তব্যে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করা হয়। জামায়াত আমির উল্লেখ করেন, গত চার মাসে দেশে প্রায় ৬০০ মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার মধ্যে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে দলীয় কর্মীরাও প্রাণ হারিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে সম্মুখ সারিতে থেকে লড়াই করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দেশ পাহারা দিতে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার বিষয়ে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে জামায়াত আমির দেশের সার্বভৌমত্ব রক্ষায় মহান আল্লাহর ওপর ভরসা রেখে সবাইকে আগামী দিনের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন