জুন ২৭, ২০২৬, ০১:০৭ পিএম
সংসদীয় গণতন্ত্রে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনে সরকারি দলের ধন্যবাদ প্রস্তাবনা ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, জনগণের প্রতিনিধিরা যখন এই সব রাষ্ট্রীয় বিষয়ে সঠিকভাবে অবগত থাকবেন, তখন প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা আরও বেশি সুদৃঢ় হবে।দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ সমুন্নত রাখতেই এই দাবি জানানো হয়েছে।
সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জোরালো আহ্বান জানিয়ে বলেন, এই জাতীয় সংসদকে যেন দেশের সকল গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হয়। সংসদকে বাইপাস বা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা মোটেও সমীচীন নয়, বরং সংসদের ভেতর থেকেই সব রাষ্ট্রীয় কাজের সঠিক আলো ছড়ানো উচিত। সরকারি দল কেবল সব ক্রেডিট নিজের অ্যাকাউন্টে নেবে আর বিরোধী দল সবকিছুতেই অন্ধ বিরোধিতা করবে—ব্যক্তিগত ও दलগতভাবে এই নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি তারা সমর্থন করেন না। তিনি সরকারি দলকে বিরোধী পক্ষের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান এবং দেশ গঠনে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন।
বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তির ওপর বিশেষ জোর দেন বিরোধীদলীয় নেতা। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারপ্রধান তার সাম্প্রতিক বিদেশ সফরে এই সতর্ক নীতি অবলম্বন করেছেন এবং বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কেউ হস্তক্ষেপ করুক তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দিয়ে দ্বিপাক্ষিক চুক্তিগুলো পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পরিচালনা করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষ অংশে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং বর্তমান সরকারের সার্বিক সফলতা কামনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন