রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১১:২৬ পিএম

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই পোস্টের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার অভিনেত্রী শাওনকে নিয়ে একটি বিতর্কিত পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই হুমকি দেন। তার এই পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়।

ফেসবুক পোস্ট ঘিরে ক্যাম্পাসে শুরু হয়েছে নানা আলোচনা।অভিনেত্রী শাওন ১ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে জুলাই মাস ও একটি নির্দিষ্ট শব্দ নিয়ে পোস্ট করেন। এই পোস্টের পরিপ্রেক্ষিতে রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, যে শাওনকে জুতার বাড়ি মারতে পারবে তাকে ১ লাখ টাকা এবং জুতার আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের করতে পারলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পোস্টটিতে তিনি মব উস্কানির বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়ে হুমকি প্রদান করেন।

শাওনের পোস্টটি ছিল গত এক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই মাস বা নির্দিষ্ট শব্দ নিয়ে মানুষের বিভিন্ন ধরনের লেখালেখি নিয়ে। তিনি নিজের পোস্টে লিখেছিলেন যে, শব্দটি বন্ধুত্বের আড্ডায় বা মন খারাপের সময়েও লেখা সম্ভব। পয়লা জুলাই উপলক্ষে তিনি নিজেও শব্দটি লিখেছেন বলে পোস্টে উল্লেখ করেছিলেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই মূলত বিতর্কটি দানা বাঁধে।

রাকসু জিএসের এই পুরস্কার ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে নিন্দা ও আলোচনার ঝড় উঠেছে। কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে এ ধরনের উস্কানিমূলক ঘোষণা ও পুরস্কারের প্রস্তাব সুস্থ আলোচনার পথ রুদ্ধ করে বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিকরা। ফেসবুকের এই পোস্ট নিয়ে পরবর্তীতে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় কি না, তা এখন দেখার বিষয়।