শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে: মামুনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৬:৪৪ পিএম

বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন যে, বিএনপি জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশের মূল রাজনীতি থেকে সরিয়ে এটিকে ‍‍`দুধভাত‍‍` বানানোর একটি প্রকল্প হাতে নিয়েছে। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ১১ দলের এক সেমিনারে তিনি এই কঠোর মন্তব্য করেন।

মাওলানা মামুনুল হক বলেন, "ছোট বাচ্চাদের শান্ত করতে খেলায় যেমন ‍‍`দুধভাত‍‍` হিসেবে রাখা হয়, বিএনপি জুলাই বিপ্লবের চেতনাকে তেমনি ব্যবহার করছে। তারা আবেগ দেখালেও জুলাই চেতনা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না; বরং সুপরিকল্পিতভাবে এই চেতনাকে হত্যার চেষ্টা করছে।" তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিএনপি যদি নিজেদের সংশোধন না করে, তবে তাদের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে।

তিনি আরও বলেন, অতীতে বিএনপির ওপর নির্ভর করে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার তারা বিকল্প পথ বেছে নিচ্ছেন। বিএনপি ব্যর্থ হলে এই ঐক্য গণবিস্ফোরণে রূপ নেবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি অতিদ্রুত ‍‍`জুলাই জাদুঘর‍‍` উন্মুক্ত করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা যেমন উন্নয়নের গণতন্ত্র দিয়ে মানুষের অধিকার খর্ব করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী যদি ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে মানুষকে বুঝ দিতে চান, তবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে।