জুলাই ১২, ২০২৬, ১০:১০ পিএম
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাজধানীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে তৃণমূল থেকে বৃহৎ সামাজিক শক্তি গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আগামী পাঁচ বছরের জন্য নগরবাসী জামায়াতকে দায়িত্ব দিলে রাজধানীতে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
রবিবার সকালে রাজধানীর মিরপুরের রূপনগর সড়ক সংলগ্ন জামায়াতে ইসলামীর মিরপুর উত্তর থানা কার্যালয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, বিশ্বের অন্যতম দূষিত নগরী হিসেবে ঢাকা আজ শব্দদূষণ, বায়ুদূষণ ও জলাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত। একই সঙ্গে নগরবাসী, বিশেষ করে নারী ও পুরুষ উভয়েই নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাজধানীর এসব মৌলিক সমস্যার টেকসই সমাধান হয়নি।তিনি বলেন, এসব সংকট নিরসনে সৎ, দক্ষ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও সমন্বিত নাগরিক সেবা নিশ্চিত করা গেলে নগরজীবনে স্বস্তি ফিরে আসবে।
সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা গেলে তিলোত্তমা ঢাকাকে আধুনিক ও দৃষ্টিনন্দন নগরীতে পরিণত করা সম্ভব।বিনিয়োগ প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, নিরাপত্তাহীনতার কারণে অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়নের ওপরও জোর দেন তিনি।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী অবৈধ দখল, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের রাজনীতি থেকে দূরে থেকেছে। সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির কারণেই কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। জামায়াতে ইসলামীর মিরপুর জোনের পরিচালক মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মিরপুর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুনীরুল ইসলাম মৃধাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন