রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী:হাসনাত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১০:৪৩ পিএম

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী:হাসনাত

ছবি - সংগৃহীত

সরকারের কর্মকাণ্ড ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখা ‍‍`দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা‍‍`র আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ। তিনি দাবি করেন, ২০২৬ সালের পরীক্ষার্থীদের সঙ্গে সরকার সংবেদনশীল আচরণ করেনি। তিনি অভিযোগ করেন, হাটু সমান পানিতে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে এবং প্রশ্নপত্রে ভুল রাখা হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে দুঃখ প্রকাশের পরিবর্তে শিক্ষার্থীদের ‍‍`ফার্মের মুরগি‍‍` বলায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ফার্মের মুরগি ছিল বলেই ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল এবং তাদের ত্যাগের কারণেই বর্তমান সরকার ক্ষমতায় আসতে পেরেছে।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, এখানে সংসদ সদস্যের পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলো অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রাজস্ব ফাঁকি দিচ্ছে বলেও তিনি দাবি করেন। নদী ও খাল দখলের অভিযোগ তুলে তিনি বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশ এমনটি হতে পারে না। ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ হকাররা এখন চাঁদাবাজির শিকার।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছি, কেবল হাসিনার পরিবর্তন চাইনি। বর্তমান সরকার জনআকাঙ্খার বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনার জবাবে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। ছাত্র-জনতার আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা ক্ষমতায় রয়েছেন, তাদের পায়ের তলায় মাটি নেই। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্খার বাইরে গেলে জনগণ রাস্তায় বিচার করবে।

অনুষ্ঠানে তিনি আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে তুহিন মাহমুদের নাম ঘোষণা করেন। জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদের সভাপতিত্বে পথসভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।