জুলাই ১৬, ২০২৬, ০২:৩০ পিএম
জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলের আইইবি মুক্তিযোদ্ধা হলে এই কর্মসূচি পালন করা হয়। শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের স্মরণে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সকাল ১১টায় শুরু হওয়া এই আলোচনা সভায় দলের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের অবদানের কথা তুলে ধরেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে শহীদদের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের এই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আন্দোলনকারীরা জীবন দিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন