রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবিতে শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১২:১৪ এএম

ঢাবিতে শিবিরের কর্মসূচিতে  ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে মোবাইল ফোন খুইয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’ শীর্ষক কর্মসূচিতে এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা উজ্জীবিত রাখতে ছাত্রশিবির এই প্রদর্শনীর আয়োজন করে। কর্মসূচিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন ব্যারিস্টার আরমান। এ সময় তিনি উপস্থিত এক ব্যক্তিকে লাইভ করার জন্য মোবাইল ফোনটি দেন। আরমান ভেবেছিলেন ব্যক্তিটি আয়োজকদেরই কেউ, কারণ তার গলায় পরিচয়পত্র ঝুলানো ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই ব্যক্তি মোবাইলসহ সটকে পড়েন।

শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ডেকোরেশনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আয়োজকদের কেউ না হলেও তাকে বিশ্বাস করে ফোনটি দেওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

শাহবাগ থানার এএসআই জুয়েল মজুমদার জানান, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম মোবাইল ফোন চুরির ঘটনায় একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং মোবাইল ফোন উদ্ধারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।