জুলাই ১৯, ২০২৬, ১২:৪৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে ঢাকা-১২ আসনের ৩৫ জন অসচ্ছল রোগীর বিনা মূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হয়।চতুর্থ ধাপে এই সেবা প্রদান করা হলো।অপারেশন-পরবর্তী সময়ে রোগীদের খোঁজখবর নিয়ে সেলিম উদ্দিন বলেন, মানুষই সৃষ্টির সেরা জীব। যারা মানুষের কল্যাণে কাজ করে, তারাই প্রকৃত অর্থে উত্তম মানুষ।
আল্লাহ তাআলা মানুষকে ধন-সম্পদ কম-বেশি দিয়ে পরীক্ষা করেন। তাই সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কেউ অভুক্ত থাকবে না এবং কেউ বৈষম্যের শিকার হবে না। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে দলটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। তবে বর্তমান ক্ষমতাসীনেরা এখনো জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রক্ষমতায় না গিয়েও জামায়াতে ইসলামী জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। সরকারি হাসপাতালে সেবার মান ও দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগীদের অবহেলা স্বাস্থ্যসেবাকে সংকটাপন্ন করে তুলেছে। এছাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য উন্নত চিকিৎসা গ্রহণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এর আগে তিন ধাপে শতাধিক ছানি রোগীকে বাছাই করে বিনা মূল্যে অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ৩৫ জনের চোখের ছানি অপারেশন সফলভাবে শেষ হয়েছে। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি একটি মানবিক ও কল্যাণমুখী নগর গড়ে তোলার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন