রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা মাদকের ডিলার ছিল: নিপুন রায়

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৪:১৮ পিএম

আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা মাদকের ডিলার ছিল: নিপুন রায়

ছবি - সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী অভিযোগ করেছেন যে, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজেরা মাদকের ডিলার ছিলেন। তিনি দাবি করেন, সরকার এখন মাদকের কারণে ভেঙে পড়া সেই সমাজকে নতুন করে গড়ে তুলতে কাজ করছে এবং কোনোভাবেই মাদককে প্রশ্রয় দেওয়া হবে না।

সোমবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নিপুন রায় চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই ভেঙে যাওয়া সমাজকে পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মসজিদের বয়ানে এবং মন্দিরে ধর্মীয় আলোচনায় মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখতে হবে। যাতে প্রতিটি পরিবার ও তরুণ সমাজ মাদকের কুফল সম্পর্কে জানতে পারে।

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, তরুণদের জন্য কর্মসংস্থান এবং খেলাধুলার পরিবেশ তৈরি করা। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। যুব সমাজ খেলাধুলায় ব্যস্ত থাকলে হতাশা ও মাদক থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছানসহ স্থানীয় নেতারা। এর আগে তিনি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।