জুলাই ২১, ২০২৬, ০৫:৪৮ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও এবং তার দ্বিতীয় বিয়ে সংক্রান্ত খবরের প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি দলের নজর রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ইতিমধ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্যের নিজের বিবৃতি ছাড়াও তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব বিষয়ে আরও সুনির্দিষ্ট খোঁজখবর নেওয়া হচ্ছে। সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনার তথ্য সংগ্রহের পর দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন