রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে-আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৬:৫১ পিএম

ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে-আসিফ মাহমুদ

ছবি - সংগৃহীত

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তারের কঠোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন। তার এই পোস্টের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন।

সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় পরবর্তী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দায়িত্ব গ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

সংবাদ সম্মেলনে স্পিকার জানান, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও সাংবিধানিক শপথ গ্রহণ করেছিলেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।